নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা রোডে একটি গ্যারেজে মেরামতের সময় অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে পাশের একটি বাসে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলাকালে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসটিকে গ্রাস করে। এতে দুটি বাসেরই অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন সূত্রে জানা যায়, জবির নরসিংদী রুটে চলাচলকারী শিক্ষার্থীরা নিয়মিত ‘নোঙর’ বাসে যাতায়াত করে থাকেন। গত বৃহস্পতিবারও বাসটি শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেয়। পরবর্তীতে দুর্গাপূজার ছুটি চলাকালে নিয়মিত তদারকি ও মেরামতের উদ্দেশ্যে বাসটি মাতুয়াইলের ওই গ্যারেজে পাঠানো হয়েছিল।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, নোঙর বাসটির পাশে রাখা অন্য একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ জানালার মাধ্যমে আমাদের বাসটিতে ছড়িয়ে পড়ে। এতে বাসের প্রায় পুরোটাই পুড়ে গেছে। বিষয়টি পরিবহন প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক জানান, গ্যারেজ কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। তিনি বলেন, গ্যারেজ মালিকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা নিজ খরচে বাসটি সম্পূর্ণ মেরামত করে দেওয়ার অঙ্গীকার করেছেন। তাই এই মুহূর্তে আমরা কোনো আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছি না।
