আন্তর্জাতিক ডেস্ক : ভোটের রাতের সেই ১১ ভোটের পরাজয় আর হতাশা শেষ পর্যন্ত রূপ নিল ঐতিহাসিক জয়ে। দীর্ঘ ও নাটকীয় আইনি লড়াই শেষে বাক্সবন্দী থাকা ৩৭টি অনুপস্থিত (অ্যাবসেন্টি) ব্যালট গণনার পর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১২ ভোটের ব্যবধানে হারিয়ে এই গৌরবময় বিজয় ছিনিয়ে নেন তিনি।
২০২৫ সালের হ্যামট্রাম্যাক সিটি মেয়র নির্বাচনে মুহিত মাহমুদ ও তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারাবির মধ্যে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনের প্রাথমিক গণনায় মাত্র ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে পরাজিত দেখানো হয়েছিল। তবে ব্যালটের সংখ্যা ও খামের হিসাবে গরমিল থাকায় ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার বাইরে রয়ে যাওয়ার বিষয়টি সামনে এলে ফলাফল ঘিরে বড় ধরনের বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়।
গণনার বাইরে থাকা ওই ব্যালটগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মুহিত। শুরুতে ট্রায়াল কোর্টে তাঁর আবেদন ধাক্কা খেলেও দমে যাননি তিনি। পরবর্তীতে আপিল আদালত প্রাথমিক সিদ্ধান্ত বাতিল করে পর্যবেক্ষণ দেন যে, ব্যালটগুলো গণনা না করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় ভুল ছিল। উচ্চ আদালতের এই আদেশের পর মামলাটি পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় এবং বাদ পড়া ব্যালটগুলো গণনার চূড়ান্ত পথ উন্মুক্ত হয়।
অবশেষে স্থানীয় সময় ১৬ অক্টোবর সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বিতর্কিত সেই ৩৭টি ব্যালট গণনা সম্পন্ন করলে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। নতুন হিসাবে মুহিত মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট এবং আল-হারাবি পান ২ হাজার ৭৭ ভোট। ফলে আগের সব ব্যবধান উল্টে দিয়ে ১২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মুহিত। দীর্ঘ প্রায় এক বছরের অনিশ্চয়তা ও আইনি যুদ্ধ শেষে এই বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতেই পুরো মিশিগানজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে বাঁধভাঙা আনন্দের জোয়ার।
