আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩৭টি ব্যালট বাক্সে আটকে ছিল প্রায় এক বছর ধরে। সেই ব্যালট গণনা হতেই দীর্ঘ আইনি লড়াই আর টানাপোড়েনের অবসান ঘটিয়ে নাটকীয় এক জয়ের মুখে দাঁড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের বহুল আলোচিত মেয়র নির্বাচনের নতুন গণনায় বর্তমান মেয়র অ্যাডাম আলহারবিকে ১২ ভোটে পেছনে ফেলে এগিয়ে গেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) ওয়েইন কাউন্টির নির্বাচন কর্মকর্তাদের সম্পন্ন করা নতুন গণনায় মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট, আর আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। যদিও আদালতের প্রক্রিয়া বাকি থাকায় এই ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বা প্রত্যয়ন করা হয়নি।
এই নির্বাচনের ইতিহাস নাটকীয়তায় ভরা। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের রাতে ১১ ভোটে এগিয়ে ছিলেন বর্তমান মেয়র আলহারবি। পরবর্তীতে নভেম্বরের প্রত্যয়িত ফলে ব্যবধান কমে দাঁড়ায় ৬ ভোটে এবং ডিসেম্বরের পুনর্গণনায় ব্যবধান দাঁড়ায় ১১ ভোটে। তবে পুরো প্রক্রিয়ার বাইরে রয়ে গিয়েছিল সিটি ক্লার্কের দপ্তরে উদ্ধার হওয়া বিতর্কিত ৩৭টি ব্যালট। আলহারবির পক্ষ থেকে এসব ব্যালটের নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন তোলায় কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সে দুই-দুই সমতায় গণনা আটকে যায়।
এরপর শুরু হয় আইনি যুদ্ধ। ব্যালট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। মিশিগান কোর্ট অব আপিলস ব্যালটগুলো গণনার নির্দেশ দেয় এবং গত আগস্টে রাজ্যের সুপ্রিম কোর্ট আলহারবির আপিল খারিজ করে সেই নির্দেশ বহাল রাখে। অবশেষে ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বেঁধে দেওয়া ১৬ অক্টোবরের নির্ধারিত সময়সীমার মধ্যে গণনা শেষ হলে সমীকরণ পুরোপুরি বদলে যায়।
ভোটের হিসাবে এগিয়ে গেলেও মেয়রের চেয়ারে বসা নিয়ে এখনো কিছুটা জটিলতা রয়ে গেছে। আদালতের আদেশ অনুযায়ী পরিবর্তিত ফল আনুষ্ঠানিক রূপ দেওয়ার আগে বিচারকের চূড়ান্ত নির্দেশ প্রয়োজন হবে। এছাড়া মুহিতের স্থানীয় নাগরিকত্ব ও প্রার্থিতার যোগ্যতা নিয়ে আলহারবির তোলা আইনি আপত্তি এবং তাঁর আইনজীবীর পক্ষ থেকে ফের পুনর্গণনার আবেদনের প্রস্তুতির কারণে লড়াইটি আরও কিছুটা সময় গড়াতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যামট্রামিক রিভিউ জানিয়েছে, এই দীর্ঘ আইনি লড়াইয়ে ইতিমধ্যে শহর কর্তৃপক্ষের ব্যয় সোয়া লাখ ডলার ছাড়িয়ে গেছে, যা দুই লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। সব বাধা পেরিয়ে ফল চূড়ান্ত হলে হ্যামট্রামিক পাবে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র।
সূত্র: সিবিএস ডেট্রয়েট, মিশিগান কোর্ট অব আপিলসের রায়, ভোটবিট ও দ্য হ্যামট্রামিক রিভিউ।
