নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাসরুর উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ক্যাম্পাসে সভা, সমাবেশসহ সব রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
কলেজ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শাখা ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজ জানান, শিবিরের এক কর্মী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। পোস্টটি মুছে ফেলতে বললে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর উভয় পক্ষ শহরে পৃথক মিছিলও বের করে।
এদিকে বৃহস্পতিবার সকালে কেসি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করায় অনুষ্ঠানটি সেখানে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্রশিবিরের কেসি কলেজ শাখার সভাপতি শাহরিয়ার মাহবুব ইসলাম জানান, অতিথি আমন্ত্রণের পর উদ্ভূত পরিস্থিতির কারণে কলেজ প্রশাসন এই বিজ্ঞপ্তি দিয়েছে, তবে অনুষ্ঠান সংক্রান্ত নতুন সিদ্ধান্তের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
