চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে একটি ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত বিহারের ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকার বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে।
বিহার কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য ভোররাত ৪টার দিকে নিজ কক্ষের দরজা খোলেন বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ৫ থেকে ৬ জনের একটি মুখোশধারী দল তাঁর কক্ষে ঢুকে পড়ে। তাদের হাতে রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল।
দুর্বৃত্তরা জ্ঞান রক্ষিতকে খাটে বসিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তাঁকে চুপ করে থাকার নির্দেশ দিয়ে বলা হয়, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’
এরপর অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে আলমারির চাবি নিয়ে নেয় দুর্বৃত্তরা। আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা নগদ, একটি সাউন্ড বক্সসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে তারা।
লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় ভিক্ষুর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে দেয় দুর্বৃত্তরা। পরে জ্ঞান রক্ষিত পাশের কক্ষে থাকা দুই শ্রমণকে ডাকেন। তাঁরা এসে দরজা খুলে দিলে তিনি তাঁদের ঘটনাটি জানান। পরে বিষয়টি স্থানীয়দেরও জানানো হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও জানান, বিহার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
