ভারতে ভারী বৃষ্টিপাত, রেললাইনের তীব্র জট ও পরিবহনজনিত বিধিনিষেধের কারণে ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সীমিত করেছে আদানি পাওয়ার। কয়লা সরবরাহ কমে যাওয়ায় গড্ডা কেন্দ্রে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২ সেপ্টেম্বর) আদানি পাওয়ারের বাংলাদেশের জনসংযোগ (পিআর) এজেন্সি ফাইভ ডাব্লিউ কমিউনিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, সন্ধ্যার পিক আওয়ারের বিদ্যুৎ চাহিদা স্বাভাবিক রাখতে দিনের অফ-পিক আওয়ারগুলোতে গড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ কিছুটা হ্রাস করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, টানা বর্ষণের কারণে বর্তমানে ভারতজুড়ে জ্বালানি পরিবহনে বড় ধরণের সংকট তৈরি হয়েছে। বর্তমানে পূর্ব ও মধ্য ভারতের প্রায় ৪৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার মজুত আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে এবং গড্ডা কেন্দ্রও এর প্রভাবমুক্ত নয়। সমস্যা সমাধানের লক্ষ্যে রেকের পর্যাপ্ততা নিশ্চিতে ভারতীয় রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করছে আদানি পাওয়ার।
উল্লেখ্য, জ্বালানি সংকটের এই বিরূপ প্রভাব কেবল ভারতে সীমাবদ্ধ নেই; কয়লা স্বল্পতার কারণে বাংলাদেশের নিজস্ব পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ ক্ষমতায় চালানো যাচ্ছে না। উভয় কেন্দ্রেই বর্তমানে কেবল একটি করে ইউনিট চালু রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসেই বৃষ্টিপাত কমে এলে কয়লা সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে আদানি পাওয়ার।
