চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া আরও ৬ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে একই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ নারী আইনজীবী চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট টিপু শীল জয়দেব ও অ্যাডভোকেট শুভাশীষ শর্মা জানান, আজকের ছয়জনসহ এই মামলায় গ্রেপ্তার হওয়া সর্বমোট ১১ জন আইনজীবীই এখন পর্যন্ত জামিন পেলেন।
আজ জামিন পাওয়া আইনজীবীরা হলেন— অ্যাডভোকেট সুলতান মাহমুদ জিদান, অ্যাডভোকেট পার্থ প্রতিম নন্দী, অ্যাডভোকেট শুভ আইচ, অ্যাডভোকেট মশিউর রহমান আবির, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী ও সঞ্জয় কান্তি নাথ।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবন থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা সবাই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যুক্ত এবং তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে গত ১৬ আগস্ট গ্রেপ্তারকৃত পাঁচ নারী আইনজীবী জামিন পান এবং আজ বাকি ৬ আইনজীবীর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
