মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার সংলগ্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর অনুসারীরা জমজম টাওয়ার এলাকা থেকে একটি আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুল্লাহর অনুসারীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে আঘাত পান। সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা মিল্টন দত্ত সামান্য আঘাত পেয়েছেন। এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
