যুক্তরাষ্ট্রে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিউইয়র্কের ব্রুকলিনে সন্ত্রাসীর গুলিতে ইউসুফ রাজু, টেনেসিতে ডাকাতের গুলিতে শাহেদ রানা মোহসিন এবং মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভার্জিনিয়ার বাসিন্দা বাংলাদেশি মা-মেয়ে মুসাম্মাত শামীমা বেগম ও তাঁর মেয়ে আরিবা জাহিন। স্বল্প সময়ে পরপর এসব ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন ৪৪ বছর বয়সী ইউসুফ রাজু। এ সময় অপর এক বাংলাদেশি কর্মীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। নিহত রাজু প্রায় তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
অন্যদিকে টেনেসির ক্রকেট কাউন্টির বেলস এলাকায় এক ডাকাতির ঘটনায় গুলিতে প্রাণ হারান ৩৬ বছর বয়সী শাহেদ রানা মোহসিন। পুলিশ ঘটনার তদন্তে নেমে এক ঘাতককে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ গত ২৯ আগস্ট মেরিল্যান্ডের আই-২৭০ হাইওয়েতে ঘটে এক সড়ক দুর্ঘটনা। বিপরীত দিক থেকে ভুল পথে আসা এক বেপরোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ভার্জিনিয়ার বাসিন্দা ৪৬ বছর বয়সী মুসাম্মাত শামীমা বেগম এবং তাঁর ২৩ বছর বয়সী কন্যা আরিবা জাহিন। মেরিল্যান্ড স্টেট পুলিশ জানায়, ঘাতক চালক মদ্যপ অবস্থায় ভুল লেনে গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা অন্য দুই আরোহীও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মাত্র সাত দিনের ব্যবধানে নিউইয়র্ক, টেনেসি ও মেরিল্যান্ডে চার বাংলাদেশির এমন অকালপ্রয়াণে প্রবাসী সমাজে শোকের মাতম চলছে। কর্মস্থলে গুলির ঘটনা থেকে শুরু করে হাইওয়ের এই ভয়াবহ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
