রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশি অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঢাকা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
গ্রেপ্তারকৃতরা হলেন— ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মো. মাসুদ রানা (৩৫) এবং ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস (৩৮)।
পুলিশ জানায়, ডেমরা থানার একটি মামলার সূত্র ধরে তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাপসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরে সোমবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় রূপগঞ্জের বরাবো এলাকার এক বাসভবনের পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাপসের ভাড়া বাসার কক্ষ থেকে আরও দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়িকে লক্ষ্য করে ৪টি মোটরসাইকেলে এসে ৮ জন দুর্বৃত্ত ৩ রাউন্ড গুলি ছোড়ে। ওই সময়ে ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া এসব অস্ত্রের সাথে সেলিমের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
