ফোরটিন ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ও সার্বভৌমত্ব বিক্রির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি শওকত আজিজ রাসেল। জনপ্রিয় টেলিভিশন টক শো ‘তৃতীয় মাত্রা’য় অংশ নিয়ে তিনি দাবি করেন, বিদেশিদের খুশি করতে এমন এক অসম চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বায়ত্তশাসন পুরোপুরি ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ড. ইউনূসের কর মওকুফ সুবিধাকে ‘চ্যারিটির আড়ালে কর ফাঁকি’ বলে অভিযুক্ত করেন এই শীর্ষ ব্যবসায়ী। শওকত আজিজ রাসেল বলেন, সাধারণ ব্যবসায়ীদের নিয়মিত ট্যাক্স পরিশোধ করতে হলেও ড. ইউনূস আইনি মারপ্যাঁচ ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানগুলোকে ‘নন-প্রফিট’ দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন। যদি এমন সুযোগ থাকে, তবে সাধারণ ব্যবসায়ীদেরও একই সুবিধা দেওয়া উচিত ছিল। বিদায় নেওয়ার আগমুহূর্তে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের চুক্তি স্বাক্ষরের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই গোপনীয় চুক্তির ফলে এখন বিদেশি শক্তির অনুমতি ছাড়া বাংলাদেশ নিজস্ব জ্বালানি বা অবকাঠামোগত স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন মেগাপ্রকল্পের উদাহরণ টেনে আম্বার গ্রুপের চেয়ারম্যান আরও সতর্ক করেন যে, চুক্তিজনিত আন্তর্জাতিক গ্যাঁড়াকলের কারণে রাশিয়া বা অন্য দেশের সঙ্গে ভবিষ্যৎ লাভজনক প্রকল্প বাস্তবায়নও থমকে যেতে পারে। রাষ্ট্রের সব ধরনের সুবিধা ভোগ করে শেষ পর্যন্ত এমন জাতির অকল্যাণকর চুক্তিকে এক ধরনের প্রতারণা বলে অভিহিত করেন শওকত আজিজ রাসেল।
