আন্তর্জাতিক ও রাজনীতি ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরেই স্বদেশে ফেরার মেগা ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতির অলিন্দ থেকে এক বিশেষ খবর সামনে এসেছে। আওয়ামী লীগের শীর্ষ ও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়েএক প্রতিবেদনে দাবি করেছে, আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা যেকোনো বিশেষ প্রয়োজনে শেখ হাসিনা ও তাঁর দলের পাশে পূর্ণ সমর্থন নিয়ে অটল থাকার বার্তা দিয়েছে বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি রাশিয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার বহু বছরের গভীর কূটনৈতিক ও ব্যক্তিক সম্পর্কের ধারাবাহিকতায় এই অবস্থান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে রাশিয়ার সরাসরি অংশীদারিত্ব এবং ক্রেমলিনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে সূত্রে বলা হয়, যেকোনো জাতীয় সংকট ও ভূ-রাজনৈতিক সমীকরণে মস্কোর এই সমর্থন দলটির নেতাকর্মীদের মাঝে এক নতুন মনস্তাত্ত্বিক শক্তি জোগাচ্ছে।
আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পরাশক্তিগুলোর অবস্থান অত্যন্ত সংবেদনশীল। যদি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি রাশিয়ার এই ধরণের মনস্তাত্ত্বিক বা কূটনৈতিক সমর্থনের খবর সত্যি হয়ে থাকে, তবে তা এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে বেশ জটিল করে তুলতে পারে।
বর্তমানে মাঠপর্যায়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি ও আইনি আলোচনার পাশাপাশি রাশিয়ার এই কথিত গ্রিন সিগন্যালের খবরটি বিরোধী রাজনৈতিক শিবির ও প্রশাসনিক মহলে নতুন এক রুদ্ধশ্বাস আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দাবির বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
