ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দিতে যাচ্ছেন। আয়োজকদের আমন্ত্রণে তিনি শিগগিরই পর্তুগালের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন এই অভিনেতা।
আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন। বাংলা লাইভ নামের এ কনসার্টে গান শোনাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস। রকস্টারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্তুগালে অনুষ্ঠিতব্য এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে থাকবে নাচ, গান, আড্ডা এবং দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জনপ্রিয় চলচ্চিত্রজীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরবেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। পর্তুগালের দর্শকদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। আশা করছি, সবাইকে নিয়ে একটি স্মরণীয় সময় কাটবে।”
প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ। এতে বেশ উচ্ছ্বসিত তিনি। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেছেন, প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। সঙ্গে জেমস ভাই যাচ্ছেন, বেশ উপভোগ্য একটা আয়োজন হতে যাচ্ছে।
লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। এ কনসার্টের আয়োজক কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা।
এরইমধ্যে লিসবনের বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এ খবর। মুখিয়ে আছেন তারা। পর্তুগালে এটাই বাংলাদেশিদের সবচেয়ে বড় সম্মিলন হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন জায়েদ খান। এবার পর্তুগালের মঞ্চেও তার উপস্থিতি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
