নিজস্ব প্রতিবেদন : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সাথে বিতর্কিত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাড়িয়ে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে পার্শ্ববর্তী বাগেরহাটেও। ভিডিও কাণ্ডের তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটের মোংলায় জামায়াত এমপির কুশপুত্তলিকা দাহ ও তাতে থুথু নিক্ষেপ করে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মোংলা পৌরসভার সামনের সড়কে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নারী ও পুরুষ নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে চরম ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্য হয়ে গাজী নজরুল ইসলাম যে নৈতিক অবক্ষয় ও অসামাজিক কাণ্ড ঘটিয়েছেন, তা গোটা দেশের মানুষের কাছে রাজনৈতিক সমাজকে চরম হেয় প্রতিপন্ন করেছে।
বক্তব্য শেষে উপস্থিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এমপি গাজী নজরুলের ছবি সম্বলিত প্রতিকৃতি ও কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় ধিক্কার জানিয়ে দাহকৃত কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ করে প্রতিকী ও অভূতপূর্ব প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি কড়া ভাষায় বলেন, “জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম যেভাবে এক নারীর সাথে অসামাজিক ও নীতিবহির্ভূত কাজে লিপ্ত ছিলেন, তা পুরো দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষ করেছে। তার এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড একজন মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিত্বে ভীষণ আঘাত হেনেছে। আমরা সাধারণ নাগরিকদের পক্ষে এই ধরনের চরম নৈতিক অবক্ষয়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা দাবি করছি।”