মো আসাদুল আলম, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ২১ জুলাই রাত ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী, হল, বিভাগ বা ক্যাম্পাসে টিজিং, র্যাগিং কিংবা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
