বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শন, পরিবেশনা এবং প্রবাসী দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক বাজারে বাংলা চলচ্চিত্রের প্রসার, নতুন দর্শক তৈরি এবং বিশ্বব্যাপী বাংলা সিনেমার পরিচিতি বৃদ্ধিতে বায়োস্কোপ ফিল্মসের ধারাবাহিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি ৫৫টি বাংলাদেশি চলচ্চিত্র উত্তর আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তির ব্যবস্থা করেছে। যা বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই বিশেষ সম্মাননা বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নের পথে বায়োস্কোপ ফিল্মসের নিরলস প্রচেষ্টা, সাংস্কৃতিক সেতুবন্ধন এবং আন্তর্জাতিক পরিবেশনায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজক কমিটি সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা- অভিনেত্রী ও কলাকুশলীদের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মসকে এই সম্মাননা দিয়েছে বলে জানিয়েছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সম্মাননা শুধু বায়োস্কোপ ফিল্মসের অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
