মো. আসাদুল আলম । জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, গত ৩ জুলাই ২০২৬ দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪–২০২৫) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) শিক্ষার্থীদের বিভিন্নভাবে অশোভন ভাষায় গালাগালি, কান ধরানো, শারীরিক কসরত করানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র্যাগিং করার অভিযোগে অভিযুক্ত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর বিধান অনুযায়ী অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো জায়গায় টিজ/র্যাগিং-সংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নাঈম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান মন্ডল, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবদুল্লাহ অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসহাক হাফী, নাঈম আহমেদ সজীব, কার্তিক চন্দ্র রায়, রাজী শাহ জামানের জান্নাত নাসিম এবং সাইফুল্লাহ মানসুর আলান।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত এ অফিস আদেশটি ৪ জুলাই ২০২৬ তারিখে জারি করা হয়। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
