টেক্সাস প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের টেক্সাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৬ দফা দিবস। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, টেক্সাস-এর নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধের সংগঠক ড. নুরুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনোয়ার রেশাদ।
আলোচনা সভায় বক্তারা ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হিসেবে কাজ করে।
অনুষ্ঠানে ড. নুরুন নবীর মুক্তিযুদ্ধকালীন জীবন ও অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাভেল। এতে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওয়েস্ট-এর সাধারণ সম্পাদক জনাব বরকত, বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবাসে সংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ, টেক্সাস-এর মাধ্যমে প্রবাসে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ, টেক্সাস-এর কার্যক্রমের সফলতা কামনা করা হয় এবং প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
