বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই সংক্ষিপ্ত সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যানে দেখা যায়, কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে সারা দেশে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইনশৃঙ্খলার এই অবনতির চিত্রে আরও উল্লেখ করা হয়েছে, এ সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি। এছাড়া ২ হাজার ২১৪টি চুরির ঘটনা এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে তথ্য দেওয়া হয়।
নারীর ওপর সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই ১০০ দিনে ৭৮ থেকে ১০২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং আক্রান্তদের মধ্যে ৪৯ থেকে ৭১ জনই ছিল শিশু।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা যেভাবে অব্যাহত রয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
