নিজস্ব প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের এক নৃশংস ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বুরুঙ্গী বিল এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করতে পারলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরদিন শনিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ থাকা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার যুবকরা হলেন সাঘাটার গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারী। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলকে খুঁজছে পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চার যুবক পেছন থেকে আচমকা তার মুখ চেপে ধরে জোরপূর্বক বুরুঙ্গী বিলের পাশে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী কিশোরীর চাচা ফিরোজ কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে।
এদিকে দেশের বিভিন্ন জেলাতেও গত কয়েক দিনে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র সামনে এসেছে। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে শ্যাম্পু কিনতে গিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লালসার শিকার হয়েছে সাত বছর বয়সী এক শিশু। পুলিশ অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়াকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।
ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জুল্লাহ মোল্যা নামে এক প্রতিবেশীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
টাঙ্গাইলের নাগরপুরেও এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিবেশী শাকিব নামের এক যুবক ওই নারীকে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করার সময় ভুক্তভোগীর মা তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এবং শাকিব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন এবং জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর দেবর আইজ উদ্দিন মণ্ডলসহ তিন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এছাড়া নড়াইলের লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ নামের এক অটোরিকশাচালককে এবং মানিকগঞ্জের শিবালয়ে এক বৃদ্ধা ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে গাইবান্ধার সুন্দরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা এবং সুনামগঞ্জের তাহিরপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
