নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এই নৃসংশ ঘটনাটি ঘটে।
আটক দেলোয়ার হোসেন ওই এলাকার মুন্সী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
শিশুর স্বজনরা জানান, ঘটনার সময় দেলোয়ার হোসেন প্রতিবেশী ওই শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। এদিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজের অপরাধ স্বীকার করে বলেন, “আমি ভুল করেছি।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, দেলোয়ার হোসেন একজন বিকৃত মস্তিষ্কের মানুষ এবং এর আগেও তিনি এ ধরনের একাধিক জঘন্য ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
