নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক ও বর্ষশেষ সভা মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ক্লাবের সভাপতি লায়ন জেএফএম রাসেল সভাপতিত্ব করেন। শুরুতে ইংরেজি ও বাংলা ভাষায় প্লেজ অব অ্যালিজিয়েন্স পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর লায়ন টোস্ট, সভাপতির বক্তব্য এবং সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অগ্রগতি তুলে ধরা হয়। কোষাধ্যক্ষ লায়ন মাসুদ রানা তপনের উপস্থাপিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়, মার্চের শেষ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ক্লাবের মোট আয় দাঁড়িয়েছে ৪১,৬৩৩ ডলার এবং ব্যয় হয়েছে ৬,৩৮৬ ডলার। ফলে বর্তমানে ক্লাবের মোট তহবিল রয়েছে ৩৫,২৪৭ ডলার।
সভায় লায়ন শাহনেওয়াজ, পিএমজেএফ পুনরায় প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় জানানো হয়, আসন্ন ২০২৬–২০২৭ কার্যবর্ষের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার লায়ন রানো আমেনা নেওয়াজ; নির্বাচন কমিশনার লায়ন মুহাম্মদ সাইয়িদ, লায়ন রকি আলিয়ান, লায়ন মোহাম্মদ আলী এবং লায়ন নুরুল আজিম। প্রধান নির্বাচন কমিশনার লায়ন রানো আমেনা নেওয়াজ জানান, নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তার ভাষ্যমতে, ২১ এপ্রিল মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে, ২৪ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ২৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, আগামী ৫ মে ২০২৬ তারিখে গুলশান টেরেসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের অবশ্যই বৈধ স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে এবং শুধুমাত্র নিবন্ধিত সদস্যরাই ভোট দিতে পারবেন। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে ভোটকেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, কমিউনিটি সেবা কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
