নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি (ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর জানান, গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা ইতিমধ্যে যাচাই করা হয়েছে এবং এতে ঘুষ দাবির কথোপকথন স্পষ্ট। তিনি বলেন, “অডিওর সত্যতা পাওয়া গেছে। তবে সরাসরি টাকা লেনদেন হয়েছে কি না, তা নিয়ে এখনো তদন্ত চলছে। দ্রুতই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।” আমিনুল ইসলাম আরও জানান, অভিযোগ ওঠার পরপরই সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এর পরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করলেও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি তদন্ত অব্যাহত রয়েছে।
গত ৯ মার্চ সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার দিনই তাঁর দুটি চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়। অডিওতে চট্টগ্রাম-৬ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করতে শোনা যায় সাইমুম রেজাকে। ফোনের অপর প্রান্তে ছিলেন ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসূফ।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ফজলে করিম চৌধুরীসহ ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৫ এপ্রিল এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ৭ এপ্রিল এই অভিযোগটি আমলে নিয়েছেন। বিচারপ্রক্রিয়া চলাকালীন প্রসিকিউশনের মতো স্পর্শকাতর জায়গা থেকে এমন ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের ভাবমূর্তি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
