নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারের চলমান নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুব শিগগিরই বরগুনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে যাচ্ছে। সংগঠনের শীর্ষ নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যখন দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম প্রশ্নবিদ্ধ ও অনেকটা স্থবির, ঠিক সেই মুহূর্তে বরগুনায় এমন উদ্যোগ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেলা ছাত্রলীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, পরীক্ষিত এবং আওয়ামী পরিবারের শিকড় থেকে উঠে আসা নেতাকর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা সংগঠনের কার্যক্রমে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন, তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের যোগ্যতার ভিত্তিতেই নতুন নেতৃত্বে আনা হবে বলে জানানো হয়েছে।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এ প্রসঙ্গে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে নিবিড় যাচাই-বাছাই চলছে। যেকোনো ধরনের বিতর্কমুক্ত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য এবং দ্রুততম সময়ের মধ্যেই এই কমিটি আলোর মুখ দেখবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং কর্মদক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। বরগুনা জেলায় ছাত্রলীগের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই এই পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজন অপরিহার্য বলে মনে করছেন স্থানীয় নেতারা। এখন দেখার বিষয়, সরকারের বর্তমান অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে এই কমিটি ঘোষণার পর স্থানীয় রাজনীতিতে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি হয় কি না।
