নিজস্ব প্রতিনিধি
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধ-এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়, এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। যে সরকারই ক্ষমতায় থাকুক, দিনটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা উচিত।
তিনি আক্ষেপ করে বলেন, এ বছর সরকারিভাবে কোনো কর্মসূচি না থাকায় তারা ব্যথিত।
এদিকে, বিকেল ৩টায় ঢাকার একটি সংগঠন ‘নাগরিক সমাজ’-এর পক্ষ থেকেও একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মুজিবনগর সরকার গঠন দিবস হিসেবে পরিচিত এই দিনে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকেই দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তবে চলতি বছর সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ না করায় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, বিএনপি সরকারই নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসেবে পরিচয় দিচ্ছে । অথচ আজ তারা সরকারি ভাবে কোনা কর্মসূচি রাখেনি। এ ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপেক্ষা করা ইতিহাসের প্রতি অবহেলার শামিল।
সংশ্লিষ্টদের মতে, মুজিবনগর দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংগঠনিক ভিত্তি ও রাষ্ট্রগঠনের সূচনার প্রতীক। তাই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করা রাষ্ট্র ও জনগণের নৈতিক দায়িত্ব।
