নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সালের আনন্দ মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় USA Moreno Valley Sports Club-এর আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ মেলার সভাপতি শরীফ হাসিবুল জানান, আগামী ২৫ ও ২৬ জুলাই ২০২৬ তারিখে এই উৎসব অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হবে। একজন জীবিত কিংবদন্তি শিল্পীকে দেওয়া হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড। পাশাপাশি ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ এবং লস অ্যাঞ্জেলেস কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য আরেকটি লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হবে।
এছাড়া পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হবে। থাকছে ‘প্রাউড প্যারেন্টস এওয়ার্ড’ এবং লস অ্যাঞ্জেলেসে ‘বেস্ট কাপল অব দ্য ইয়ার’ সম্মাননাও।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ইতোমধ্যে অংশগ্রহণের কথা জানিয়েছেন আঁখি আলমগীর, দিলশাদ নাহার কণা এবং ইমরান মাহমুদুলসহ আরও অনেকে।
এবারের আনন্দ মেলা অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড সাইনের নিকটবর্তী একটি মনোরম স্থানে।
তারিখ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী, প্রধান উপদেষ্টা শিপার চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক নাসির খান, প্রধান সমন্বয়ক জিয়া শাওন, কনভেনার দাউদ বাফাতিয়া, সহ-সভাপতি এম নবি সুমন ও সহ-সভাপতি শাহরিয়ার সুলতানসহ আরও অনেকে।
