নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান-কে দেশে ফিরিয়ে এনে একটি খেলার মাধ্যমে অবসরে যেতে বাধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তবে তিনি অভিযোগ করেন, সাকিব সেই সুযোগ গ্রহণ না করে রাজনীতিকে বেছে নিয়েছেন।
সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “আমরা চেষ্টা করেছি সাকিবকে দেশে এনে একটি ম্যাচের মাধ্যমে অবসর দেওয়ার। কিন্তু সে সেই পথ না নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে বেছে নিয়েছে।”
এর আগে বিভিন্ন সময় সাকিবের দেশের মাটিতে বিদায় আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন তিনি বলেও দাবি করেন। এমনকি সরকার তার নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনার কথাও জানিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন তিনি।
তবে সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা ও তাকে ঘিরে চলমান বিতর্কের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে ইঙ্গিত দেন সাবেক এই উপদেষ্টা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের রাজনীতি ও ক্রিকেট—দুই ক্ষেত্রেই ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ার, দেশের হয়ে খেলা এবং অবসর ইস্যু নিয়েও নানা মতভেদ দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের বিদায় ইস্যু এখন ক্রীড়ার গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। যা সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গনের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। সাথে সাথে রাজনৈতিক মতাদর্শের জন্য সাবেক উপদেষ্টা পরিষদের সরকার তার উপর যে মানসিক নির্যাতন করেছে তা কারোর কাম্য নয়।
