মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি: দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের স্বস্তি ফেরাতে পুনরায় চালু হলো চন্দ্রা রুটের বাস সার্ভিস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, “প্রায় দেড় থেকে দুই বছর ধরে চন্দ্রা রুটের বাস সার্ভিস বন্ধ ছিল। প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা তুলে ধরতে সক্ষম হয়েছি বলেই আজ এটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “চন্দ্রা রুটে বাস চালুর দাবি ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কোষাধ্যক্ষ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি আরও জানান, পরিবহন খাতকে আধুনিকায়নের অংশ হিসেবে একটি টেকসই লাইভ ট্র্যাকিং অ্যাপ চালুর প্রক্রিয়া চলছে, যা শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।

পরিবহন সংকট নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “বাস সংকট থাকলেও শিক্ষার্থীদের যৌক্তিক প্রত্যাশা পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। চন্দ্রা রুটের বাসটি সপ্তাহে অন্তত দু’দিন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।” তিনি আরও জানান, শিগগিরই যাত্রাবাড়ী-সাইনবোর্ড রুটেও নতুন বাস সার্ভিস চালু করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েই আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই।
পরিবহন খাত বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যয়বহুল খাত হলেও, শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
নতুন রুট চালুর জন্য অর্থ বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি কড়া নির্দেশনা দেন, “এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থী ছাড়া অন্য কেউ যেন কোনোভাবেই বাসে না ওঠে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশেদুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মৃধা মো. শিবলী নোমান, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, কার্যকরী সদস্য আবু তালহা প্রমুখ।
