জাবি প্রতিনিধি: কুষ্টিয়ায় মাজারে হামলা, অগ্নিসংযোগ এবং সুফি ইমাম শামীম হত্যাকাণ্ডের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে আনিকা তাবাসসুম ফারাবী,প্রচার সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন বলেন, কুষ্টিয়ায় সুফি ইমাম শামীমের ওপর হামলা ও হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত ও সংগঠিত সহিংসতার অংশ। তারা অভিযোগ করেন, দেশে ভিন্ন মত ও ভিন্ন পরিচয়ের মানুষদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে যে ধরনের হামলা বৃদ্ধি পাচ্ছে, তা সামাজিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন নৃশংস ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ধরনের মব সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
বক্তারা এ সময় “মব সন্ত্রাস বন্ধ করো”, “মাজারে হামলা বন্ধ কর”, “হত্যাকারীদের গ্রেপ্তার কর” এ ধরনের স্লোগান দেন এবং সারাদেশে চলমান সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাধারণ সম্পাদক আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, সঞ্চালক দুর্বার আদি এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি।
বক্তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
