নিজস্ব প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন নামে এক লোহা ও সিমেন্ট ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীরা। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুই দফায় চালানো এই হামলায় ব্যবসায়ী কামাল হোসেনসহ তার বৃদ্ধ বাবা ও ছেলেও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হযরত আলীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বৃহস্পতিবার গোগা বাজারে কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দোকানে ঢুকে প্রথমেই মোটা অংকের চাঁদা দাবি করে। ব্যবসায়ী কামাল হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর শুরু করা হয়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বৃদ্ধ বাবা এবং ছেলেকেও পিটিয়ে জখম করা হয়। হামলার সময় সন্ত্রাসীরা দোকান থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত হযরত আলী বিএনপি নেতা হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রবাসে থাকলেও তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে রাখেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, হযরত আলীর দাপটে আমরা অতিষ্ঠ। সে রাজনৈতিক পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছে। প্রতিবাদ করলেই শারীরিক নির্যাতন ও মামলার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হযরত আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, গোগা বাজারের ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে হাসপাতালে যন্ত্রণায় কাতর। তিনি এবং তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ন্যক্কারজনক ঘটনার পর গোগা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
