নিউইয়র্কে সামাজিক সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইউএসএ, এর বার্ষিক পুনর্মিলনী ২০২৬ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইর্য়কের জনপ্রিয় আইনজীবী আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন এর ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডাইরেক্টর তরিকুল ইসলাম মিঠু, পুলিশ অফিসার ফেরদৌস নোবেলসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক কল্যাণধর্মী কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য সুদৃঢ় করাই এই পুনর্মিলনীর মূল লক্ষ্য। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে সামাজিক সংগঠনগুলো শুধু মিলনমেলার জায়গা নয়, বরং কমিউনিটির প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোরও একটি কার্যকর প্ল্যাটফর্ম। তারা শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইউএসএ’র বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, রন্টি দাস, আফতাব জনি ও সেলিম ইব্রাহীম। নৃত্য পরিবেশন করেন উর্মী মন্ডল। মনোজ্ঞ পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও উৎসবের আবহ।
সংগঠনের সভাপতি শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল হক নাজ আগত অতিথি, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা বলেন, প্রবাসে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
নৈশভোজের মধ্য দিয়ে সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
