প্রবাসের মাটিতে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে নিউইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে ‘সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩৩’।

আগামী ৩ মে, ২০২৬ (রবিবার) জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (JAAA) আয়োজিত এই উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের প্রায় সব কটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনগুলো একযোগে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।
বর্ষবরণ উৎসবকে সফল করতে গত ৫ এপ্রিল, রবিবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বিশেষ চমক হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এলামনাই এসোসিয়েশন। সভায় বুয়েটের প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্মিলিত এই বর্ষবরণে তাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
JAAA-এর প্রেসিডেন্ট মেঘনা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বৈশাখী আয়োজনের রূপরেখা ও অনুষ্ঠানমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন। সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় JAAA-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জামান মনির, আখতার আহমেদ রাশা, মেরিস্টেলা আহমেদ শ্যামলী, সুজিত পাল, শামীমআরা বেগম, তামান্না শবনম পাপড়ি, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, সুব্রত পাল এবং রিজিয়া ফারহানা খান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী ৩ মে’র এই আয়োজনকে প্রবাসের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসবে পরিণত করবে বলে আশা করছেন আয়োজকরা।
