জ্বালানি সংকটের জাঁতাকলে পিষ্ট দেশের বাজারে সামনে আরও বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি জানান, বর্তমান পরিস্থিতি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো দাঁড়িয়েছে এবং সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
মন্ত্রী স্পষ্টভাবে বলেন, জ্বালানি সংকট কেবল বিদ্যুৎ বা তেলের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহন ও খাদ্যদ্রব্যের সরবরাহ ব্যবস্থায়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ এবং শ্রীলঙ্কায় ২৫ শতাংশ বেড়েছে, যার আঁচ বাংলাদেশেও লাগছে।
বর্তমানে সরকার জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম বাড়ায়নি, তবে কতদিন এই ভর্তুকি বা স্থিতাবস্থা ধরে রাখা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, সরকারি তহবিল মাত্রাতিরিক্ত ক্ষতিগ্রস্ত হলে তার চূড়ান্ত প্রভাব শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপরই পড়বে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
