“চেতনায় ৭১, হৃদয়ে বাংলাদেশ” এই অসাম্প্রদায়িক স্লোগানকে ধারণ করে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)-র ৪০তম কনভেশনের দামামা বেজে উঠেছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এক জনাকীর্ণ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের এস্টোরিয়ার ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারে তিন দিনব্যাপী এই মেগা কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনের আয়োজক সংগঠন ‘এনআরবি এসোসিয়েশন’-এর পক্ষ থেকে হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু এবং মেম্বার সেক্রেটারি মনজুর কাদের কনভেনশনের লক্ষ্য ও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী প্রশ্নোত্তর পর্বে দৃঢ়তার সাথে বলেন, ফোবানা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পোস্টারে সীমাবদ্ধ না রেখে তাঁকে রাষ্ট্রীয় জনকের মর্যাদায় আসীন রেখে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়াই ফোবানার মূল লক্ষ্য।

এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান এবং উপদেষ্টা অভিনেত্রী লুৎফুন নাহার লতা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্যকে সূর্য্যের মতো জাজ্বল্যমান রাখার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ বাংলাদেশের জাতীয় স্বার্থে ফোবানা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কনভেনশন প্রবাসীদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।
