উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-র বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের দুই সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান এবং বেদারুল ইসলাম বাবলা।

গত ২৯ মার্চ রোববার ফোবানার কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ফোবানার চেয়ারম্যান জাহিদ হোসেন সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম।
সভায় আগামী ২০২৬ সালের লেবার ডে উইকেন্ডে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এবারের কনভেনশনটি ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে।
৪০তম ফোবানার হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু এবং চিফ কো-অর্ডিনেটর নাজিম উল্লাহ লিটন আগামী ৩রা এপ্রিল কিসিমি ফ্লোরিডায় কনভেনশনের ‘কিক-অফ’ মিটিংয়ের ঘোষণা দেন।
এবারের কনভেনশনের মূল আয়োজক হিসেবে থাকছে ‘বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা’। সহযোগী আয়োজক হিসেবে বেশ কয়েকটি স্থানীয় সংগঠন কনভেনশন সফল করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যরা ফোবানার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন এবং সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও অনুমোদন প্রদান করেন।
