জ্বালানি সংকটের কারণ দেখিয়ে স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, করোনাকালে অনলাইন ক্লাসের ফলে প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থাকার পরও সরকার আবারও একই পথে হাঁটছে।
তিনি প্রশ্ন তোলেন, শিল্পকারখানা বা সরকারি দপ্তরে জ্বালানির অপচয় নিয়ন্ত্রণ না করে শিক্ষার্থীদের ওপর কেন এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, দেশে এখনও অনেক শিক্ষার্থীর স্মার্টফোন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নেই। ফলে অনলাইন ক্লাস চালু হলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে পড়বে।
বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় পর্যায়ে জ্বালানি অপচয়ের দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানো হচ্ছে। অনলাইন ক্লাস স্বাভাবিক শিক্ষাচর্চার পরিপন্থী এবং এটি শিক্ষার্থীদের জন্য নতুন সংকট তৈরি করবে।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের নেতারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাবান্ধব বিকল্প নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
