কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে একটি তামাকের গোডাউনে বসে থাকাকালীন তাঁর ওপর এই হামলা চালানো হয়। আহত আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত আবুল মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজম সদরপুর বাজারের একটি তামাকের গুদামে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আজমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন এবং হামলাকারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করেছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতার মাঝে এই হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
