ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শন বিভাগের শিক্ষার্থী রাবিদ খান পাভেলের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা এজাহার বেআইনিভাবে প্রত্যাহারের অভিযোগ তুলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস এবং অ্যাডভোকেট আসলাম মিয়া গত ২৯ মার্চ এই আইনি নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, গত ৯ মার্চ ভোরে সেহরি খেতে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একদল চিহ্নিত অপরাধী পাভেলের ওপর হামলা চালায়। এই ঘটনায় তার মা পারভীন আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার জমা দিলেও রহস্যজনকভাবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
আইনি নোটিশে দাবি করা হয়েছে যে, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের তথ্য পাওয়ার পর পুলিশ তা এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বাধ্য এবং একবার এজাহার জমা হওয়ার পর তা আইনবহির্ভূতভাবে প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
এই পদক্ষেপকে ভুক্তভোগীর সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উক্ত এজাহারটিকে এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
অন্যথায় উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। এই নোটিশের অনুলিপি আইজিপি ছাড়াও ডিএমপি কমিশনার, রমনা জোনের ডিসি, শাহবাগ থানার ওসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে পাঠানো হয়েছে।
