নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বড় বার্তা দিলেন আমিনুল হক। তিনি জানিয়েছেন, বাংলাদেশের কিংবদন্তি দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে আবারও খেলায় ফেরানোর বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত চান।
মঙ্গলবার সংসদ ভবন চত্বরে শপথ নেওয়ার পর সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, “তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। মামলার বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা চাই, তারা যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন।”
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই তারকাই ক্রিকেটের বাইরে আছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়া এবং আইপিএল-সংক্রান্ত ইস্যুতে ভারত ও আইসিসির সঙ্গে টানাপোড়েনের প্রসঙ্গেও কথা বলেন আমিনুল। তিনি জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চান।
“আলোচনার ভিত্তিতে যদি সমাধান হতো, হয়তো আমরা বিশ্বকাপ খেলতাম। আমি চাই দ্রুত এই ইস্যুর অবসান হোক,” বলেন তিনি।
আমিনুল জানান, শপথ অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে তার আলোচনা হয়েছে। খেলাধুলা থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সব মিলিয়ে, দায়িত্বের প্রথম দিনেই ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন নতুন প্রতিমন্ত্রী লক্ষ্য, কিংবদন্তিদের ফেরানো ও আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক স্বাভাবিক করা।
