ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেলেও মোট ভোটের অর্ধেকের কম পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছে প্রায় পৌনে চার কোটি ভোট যা মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ।
২৯১ প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ইতোমধ্যে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে।
ভোটের শতকরা হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ। দলটি ৬৮টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে ভোট ও আসন দুই ক্ষেত্রেই এটি তাদের রেকর্ড।
এনসিপি ও অন্যরা কত পেল?
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ।
এ ছাড়া
- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) – ২.৭০%
- বাংলাদেশ খেলাফত মজলিস – ০.৭৬%
- জাতীয় পার্টি – ০.৮৯%
- গণঅধিকার পরিষদ – ০.৩৩%
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) – ০.৩৫%
অন্যান্য অধিকাংশ দল শূন্য দশমিকের ঘরে সীমাবদ্ধ থেকেছে, কয়েকটি দল কোনো ভোটই পায়নি।
ভোটের হার ও গণভোট
২৯৯ আসনের নির্বাচনে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুটি আসনের ফল আদালতের মামলার কারণে স্থগিত রয়েছে। ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটগ্রহণের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। সেখানে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটির বেশি ভোট, আর ‘না’ পেয়েছে ২ কোটির বেশি ভোট।
