নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে অনুমোদন, বাতিল বা কোনো ফাইল বন্ধসহ আশ্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্তই আপাতত দেওয়া হবে না।
মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো জানান, বিদেশি আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত এই বিরতি চলবে। তিনি এক্সে লিখেছেন, এই স্থগিতাদেশ থাকবে “যতক্ষণ না আমরা নিশ্চিত হই যে প্রতিটি বিদেশি সর্বোচ্চ মাত্রায় যাচাই এবং পরীক্ষা সম্পন্ন করেছে।”
ঘোষণাটি আসে কয়েক ঘণ্টা পর, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে সব “তৃতীয় বিশ্বের দেশ” থেকে অভিবাসন তিনি “স্থায়ীভাবে স্থগিত” করবেন।
বুধবারের হামলায় আহত ন্যাশনাল গার্ড সদস্য বৃহস্পতিবার মারা যান। ঘটনার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির একটি দপ্তর ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে, আশ্রয় আবেদন প্রক্রিয়া চালানো যাবে, কিন্তু সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে থামতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, “একবার সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে, থামুন এবং স্থগিত রাখুন।”
শুক্রবারের নির্দেশনা এবং ট্রাম্পের পূর্বের ঘোষণার বিষয়ে এখনও বিস্তারিত স্পষ্ট নয়।
