চট্টগ্রামের সন্দ্বীপে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এক বক্তার মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রবিবার মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের ওই ভিডিও সোমবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে থাকা একজন বক্তা দুই হাত তুলে স্লোগান দিচ্ছেন, ‘পাকিস্তান পাকিস্তান’। সামনে থাকা লোকজন সমস্বরে জবাব দিচ্ছে, ‘জিন্দাবাদ জিন্দাবাদ’। কিছুক্ষণ পর তিনি আবার বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’, এবং জনতা একইভাবে সাড়া দেয়। পরে তিনি ‘নারায়ে তাকবির’ বলেন।
স্থানীয় বাসিন্দা নুরনবি রুমি জানান, দক্ষিণ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। পাকিস্তান থেকে আসা এক ইসলামি বক্তা মঞ্চে ওঠার পর সঞ্চালক তাঁর দেশের নামে স্লোগান ধরেন। একইভাবে মিসর, ইরান ও ফিলিপাইনের প্রতিযোগীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নামে স্লোগান দেওয়া হয়। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতেও ‘মিসর জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়।
আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদকে ফোনে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান বাদশা বলেন, ‘“পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়া ধৃষ্টতা। শুধু নিন্দা না, মুক্তিযোদ্ধা হিসেবে জানাতে চাই এমন স্লোগান আমরা সহ্য করব না।’
সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, তিনি ভিডিওটি দেখেননি, তবে এমন কিছু হয়ে থাকলে তা দুঃখজনক। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, বিষয়টি তাঁর জানা নেই, তবে অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত করবে।