নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত তবি খাঁর ছেলে। বাবার মৃত্যুর পর যে সন্তান পরিবারের হাল ধরেছিল, আজ তার লাশ হয়ে বাড়ি ফেরার প্রতীক্ষায় স্বজনদের চোখ অশ্রুসজল।
পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব মেটাতে পাঁচ বছর আগে গাজীপুরে এসে ‘লায়লা গার্মেন্টস’-এ চাকরিতে যোগ দেন তৌফিক। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তৌফিকের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তৌফিকের অকালমৃত্যুর খবরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন তাৎক্ষণিক নিহত তৌফিকের স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দাফন-কাফনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ঘোষণা দেন।
