নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরবর্তীতে অবরোধের প্রায় এক ঘণ্টা পর শিল্প পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন কারখানাটির শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১০ অক্টোবরের আন্দোলনের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন না দিয়ে গড়িমসি শুরু করা হয়। পরবর্তীতে বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা না দিয়ে বৃহস্পতিবার হঠাৎ করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই সকালে শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
সড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ পরিবহনের চালকরা।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে অবরোধ অব্যাহত রাখলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। জনভোগান্তি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।
