ফোরটিন ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে কোকেন সেবনের পর অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকার ঘটনায় শিশু অবহেলার অভিযোগ স্বীকার করেছেন আবুধাবি রাজপরিবারের সদস্য মেহরাহ আল নাহিয়ান (৩২)। গত জুনে পশ্চিম লন্ডনে ঘটে যাওয়া এ ঘটনায় তার পাশে তিন বছর বয়সী একটি শিশুকে ব্যস্ত সড়কের কাছে অরক্ষিত অবস্থায় খেলতে দেখা যায়। সম্প্রতি আদালতে অভিযোগ স্বীকারের পর তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার, পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ এবং প্রায় ৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন মেহরাহ খালি পায়ে রাস্তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পথচারীদের ধারণ করা ভিডিওতে তার পাশে আরও একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিন বছরের শিশুটি জুতা ছাড়াই স্কুটার নিয়ে ব্যস্ত যান চলাচলের কাছাকাছি খেলছিল। শিশুটির সঙ্গে মেহরাহর সম্পর্ক কী, তা প্রকাশ করা হয়নি। পরে পথচারীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আদালতের শুনানিতে জানানো হয়, ঘটনার আগের দিনগুলোতে কোকেন সেবনের কথা স্বীকার করেছেন মেহরাহ। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পুলিশের ডাকে প্রায় আধা ঘণ্টা সাড়া দেননি বলে শুনানিতে উল্লেখ করা হয়। পরে সাড়া দেওয়ার পর তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, “এটি কোনো কসাইখানা নয়, আপনারা কেন এত চিন্তা করছেন?”
তল্লাশির সময় তার কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার করা হয়নি বলে আদালতে জানানো হয়।
মেহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি আদালতকে জানিয়েছেন, ঘটনার পর থেকে তার মক্কেল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। তিনি তিন মাসের একটি পুনর্বাসন কোর্স শেষ করার পর্যায়ে রয়েছেন বলেও জানান আইনজীবী।
বিচারক জাস্টিস জনসন কেসি মেহরাহকে দুই বছরের কমিউনিটি অর্ডার দিয়েছেন। পাশাপাশি তাকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
আদালতে আরও জানানো হয়, মেহরাহ বর্তমানে প্রতি মাসে ১০ হাজার ৫০০ ডলারের বেশি ভাতা পান। প্রতিবেদনে আবুধাবি রাজপরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।
