ফোরটিন ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক রায় দুটি প্রকাশিত হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের ফলে কর আদায়ের বিষয়ে এনবিআরের দাবিই বহাল থাকে।
সে সময় গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের দাবিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে যে রুল জারি করা হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটি বহাল রয়েছে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট।
সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলার বিচারিক সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর ফলে এনবিআরের দাবি করা অর্থ পরিশোধের নির্দেশের বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ জানার সুযোগ তৈরি হয়েছে।
