ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার জন্য মার্কিন মুলুক থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন ও কার্ড নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চালু করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী আইনানুযায়ী সেবা প্রাপ্তি এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী প্রবাসী নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট বিধান রয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (EC), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটন ডি.সি.স্থ বাংলাদেশ দূতাবাসসহ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেট জেনারেল অফিস যৌথভাবে এই প্রক্রিয়া পরিচালনা করছে।
অনলাইনে জাতীয় পরিচয় নিবন্ধন পোর্টালে (services.nidw.gov.bd) গিয়ে ‘প্রবাসী আবেদন’ অপশন সিলেক্ট করে প্রাথমিক তথ্য, বর্তমান ঠিকানা ও যুক্তরাষ্ট্রের অবস্থানসংক্রান্ত তথ্য দিতে হয়।
আবেদনের ক্ষেত্রে সচল বাংলাদেশি পাসপোর্ট, মার্কিন ভিসার অনুলিপি বা গ্রিন কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্ব সনদ বাধ্যতামূলকভাবে স্ক্যান করে আপলোড করতে হয়।
প্রাথমিক আবেদন অনুমোদনের পর নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেট অফিসে উপস্থিত হয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তুলে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হয়।
অনলাইন বায়োমেট্রিক ও সার্বিক যাচাই-বাছাই সফলভাবে সম্পন্ন হলে প্রবাসীরা কনস্যুলেট অফিস থেকে অথবা ডাকযোগে তাঁদের এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে প্রবাসীরা বিদেশে অবস্থান করেই বাংলাদেশের ব্যাংকিং, জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন।
