নিউইয়র্কের হিলসাইডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে Hillside Friends Carrom Championship 2026। হিলসাইড ফ্রেন্ডস গেমিং লাউঞ্জে আয়োজিত এই ক্যারাম প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।
একদিনের এই প্রতিযোগিতায় মোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে সোহেল ও রুবেল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অন্যদিকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আপেল ও শাখাওয়াত জুটি রানারআপ হন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও পুরো আয়োজন উপভোগ করেন।
হিলসাইড ফ্রেন্ডস ক্যারাম চ্যাম্পিয়নশিপ আয়োজন ও পরিচালনায় ছিলেন শেখ আপেল, সুলতান, রানা শেখ, আলী নূর, রফিকুর ও হাসান। তাদের সম্মিলিত উদ্যোগে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে পানঘর, ক্যারাম বোর্ড ঘর ও জিয়া। আয়োজকরা স্পন্সর, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে ব্যস্ত জীবনের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও শক্তিশালী করতে এ ধরনের খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে ক্যারামসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে।