নিজস্ব প্রতিবেদক, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ বছরের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
কর্মসূচি পালনকালে পুলিশের বাঁধায় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় এই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কোমলমতি ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
ঘটনার বিচার দাবিতে বাজিতেরপাড়া বাজারে স্থানীয় নেতাকর্মীরা প্রথমে মানববন্ধন করেন এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বাজার প্রদক্ষিণ করার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা ও একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকেই ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে হেফাজতে নেয়। মাদারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
