নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের শিকার হয়ে নিজেদের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ড হারাতে যাচ্ছে দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেড। দীর্ঘ ৫৪ বছরের স্মৃতি বিজড়িত ধানমন্ডির আবাহনী মাঠের ৯৯ বছরের ইজারা বাতিল করে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছে বিএনপি সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মাঠের সার্বিক ব্যবস্থাপনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। ধানমন্ডির ১০.৯৬ একরের এই মাঠটি সূচনা লগ্ন থেকেই ক্লাবের অনুশীলনী ও দাপ্তরিক কাজের কেন্দ্রবিন্দু ছিল। পরবর্তীতে ১৯৯৮ এবং ২০১০ সালে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জমিটি আনুষ্ঠানিকভাবে ৯৯ বছরের জন্য ইজারা পায় ক্লাবটি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর ক্লাব প্রাঙ্গণে ভয়াবহ মব সন্ত্রাসের মাধ্যমে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ক্লাবের ঐতিহাসিক ট্রফিসহ কোটি টাকার সম্পত্তি বিনষ্ট করা হয়। এমনকি প্রতিকূল পরিবেশ পার করে ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেও সরকারি চক্রান্ত থামেনি।
চুক্তি ভঙ্গ ও বকেয়া ফির অজুহাত তুলে গত ৩ আগস্ট আবাহনীর ইজারা পুনর্বহালের আবেদন একতরফাভাবে খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে ২০২২ সালে কাজ শুরু হওয়া ‘শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স’-এর নির্মাণকাজও থমকে দেওয়া হয়েছে। ক্রীড়ানুরাগীদের স্পষ্ট মতে, শেখ কামাল ও বঙ্গবন্ধুর রেখে যাওয়া আবাহনীর ঐতিহ্য ধূলিসাৎ করতেই সরকারের এই নোংরা রাজনৈতিক পদক্ষেপ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
